বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন যে, দেশের আগামী সাধারণ নির্বাচন হবে সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ। এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি ড. রূপা হককে। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে এই আশ্বাস দেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, “গত তিনটি নির্বাচনে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তখন ছিল ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং ভুয়া স্পিকার। তবে এখন দেশের জনগণ তাদের প্রকৃত কণ্ঠ ফিরে পেয়েছে, যা আগে জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়েছিল।”
রূপা হকের এক প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস জানান, পরবর্তী সাধারণ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময় বিবেচনা করা হচ্ছে—২০২৫ সালের ডিসেম্বর বা ২০২৬ সালের মাঝামাঝি। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে জনগণের সংস্কার চাহিদার ওপর।
সাক্ষাৎকালে রূপা হক আগ্রহ প্রকাশ করেন নির্বাচন প্রক্রিয়া, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ নিয়ে। তিনি বলেন, “বাংলাদেশ দেখে আমি সত্যিই অনুপ্রাণিত।” তিনি আগামী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে ফিরে আসারও ইচ্ছা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা হাসিনা সরকারের সময় জনগণের ওপর চালানো দমন-পীড়নের কথা তুলে ধরেন, বিশেষত গত জুলাইয়ে গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশন ঢাকার ডেপুটি হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান।



0 Comments