Advertisement

২০২৫ সাল হবে ঘৃণ্য অপরাধীদের বিচারের বছর: তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি: ইন্টারনেট


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ২০২৫ সাল হবে ঘৃণ্য অপরাধীদের বিচারের বছর।

আজ (বুধবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

তাজুল ইসলাম বলেন, "ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন এক সূর্যোদয় হয়েছে। ২০২৫ সাল আমরা শুরু করেছি স্বৈরশাসনমুক্ত পরিবেশে। এ বছর আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ অগ্রাধিকার রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অগ্রাধিকার হলো গত ১৬ বছরে দেশে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, এবং জুলুম-নির্যাতনের সঠিক ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা।"

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওপর জনগণের অনেক প্রত্যাশা উল্লেখ করে তিনি বলেন, "দীর্ঘ সময় ধরে ঘটে যাওয়া অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করা অপরিহার্য। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আলোকিত পথ তৈরি করবে। বিচার প্রক্রিয়ার জন্য সঠিক তদন্ত কার্যক্রম অপরিহার্য, যা বর্তমানে চলমান। তদন্ত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিচার প্রক্রিয়াও শুরু এবং সম্পন্ন হবে।"

নতুন বছরের বিষয়ে আশাবাদ প্রকাশ করে তাজুল ইসলাম আরও বলেন, "আমাদের লক্ষ্য হলো ২০২৫ সালকে অপরাধীদের বিচারের বছর হিসেবে পরিণত করা। আমরা চেষ্টা করছি যেন এ বছর বাংলাদেশের সুবর্ণ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে।"

সূত্র: বাসস

 

Post a Comment

0 Comments