বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মাগুরাবাসীর সমর্থন কামনা করে বলেছেন, "আমাদের সমর্থন দিন। আমরা স্বপ্নের মানবিক দেশ গড়তে আপনাদের সাথে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।"
তিনি অঙ্গীকার করেন, "ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও দখলবাজির মতো অন্যায় কোনো কাজ আমরা করব না এবং কাউকে করতেও দেব না। আমরা একটি ন্যায় ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাআল্লাহ, এই দেশ হবে এমন যেখানে প্রতিটি মানুষ সমান অধিকার ভোগ করবে এবং নিরাপদে জীবনযাপন করতে পারবে।"
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঐতিহাসিক নোমানী ময়দানে অনুষ্ঠিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা জেলা আমির এম বি বাকের।
ডা. শফিকুর রহমান বলেন, "আমরা এমন একটি সময়ে এই কর্মী সম্মেলন করছি, যখন দেশের মানুষ ভয় ও জুলুমের সংস্কৃতি থেকে মুক্ত হতে শুরু করেছে। এক সময় মানুষের কণ্ঠরোধ করে রাখা হয়েছিল। ভালো লাগলেও তারা হাসতে পারত না, কষ্ট পেলেও কান্না করতে ভয় পেত। আমরা সেই ভয়ের সংস্কৃতি ভেঙে জনগণের জন্য কাজ করতে চাই।"
তিনি বলেন, "আমরা এমন একটি দেশ চাই, যেখানে মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে, ভিক্ষা চেয়ে নয়, বরং প্রাপ্য হিসেবে। আমরা শিক্ষা, ন্যায়বিচার, ও মানবাধিকার নিশ্চিত করে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি।"
সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দও জনগণের প্রতি অঙ্গীকার ব্যক্ত করে বলেন, "জামায়াতে ইসলামী সবসময়ই ইনসাফ, মানবিকতা, এবং সাম্যের রাজনীতি করেছে। ভবিষ্যতেও জনগণের সমর্থন নিয়ে এই লক্ষ্য পূরণে কাজ করে যাবে।"
অনুষ্ঠানে মাগুরা জেলা জামায়াতের শীর্ষ নেতাদের পাশাপাশি স্থানীয় অমুসলিম সম্প্রদায়ের নেতারাও উপস্থিত ছিলেন। তারা বলেন, "জামায়াতে ইসলামী মদিনার সনদ অনুযায়ী দেশ পরিচালনা করলে দেশের সব ধর্ম-বর্ণের মানুষ উপকৃত হবে।"
ডা. শফিকুর রহমান আরো বলেন, "আমরা এমন এক শিক্ষাব্যবস্থা গড়ে তুলব, যা শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য উপযুক্ত করে তুলবে। আমরা বৈষম্যহীন একটি সমাজের জন্য কাজ করছি, যেখানে প্রতিটি নাগরিক নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন যাপন করবে।"
তিনি শেষ বক্তব্যে বলেন, "আমাদের এই সংগ্রাম চলবে, যতক্ষণ না আমরা একটি ন্যায়, ইনসাফ, ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি। ইনশাআল্লাহ, আমরা সফল হব।"



0 Comments