বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনে আবারও ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। সোমবার (২৩ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বিএনপির সমাবেশে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, "ভোটের অধিকার, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নিজের অধিকার আদায়ে সবাইকে ৫ আগস্টের মতো রাজপথে নামতে হবে। দেশের মাটি ও মানুষের জন্য প্রয়োজন হলে আবারও ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে।"
তিনি দায়িত্বশীল জায়গা থেকে বিভ্রান্তিকর বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "যারা দায়িত্বশীল স্থানে আছেন, তাদের উল্টাপাল্টা কথা বলা বন্ধ করতে হবে। ভুল বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। দেশের মানুষ অনেক সহ্য করেছে, এখন তারা শান্তি ও সুষ্ঠু নির্বাচন চায়। মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়।"
দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য দায়িত্বশীলদের আরও সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, "গত ৫০ বছর ধরে আমরা সংগ্রাম করেছি শান্তি, ভালোবাসা এবং উন্নয়নের দেশ গড়ার জন্য। দুর্ভাগ্যবশত, আওয়ামী লীগ ২০০৮ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে দেশে অত্যাচার-নির্যাতনের নতুন অধ্যায় শুরু হয়। এবার তারা গণতন্ত্রের নামে কয়েকটি দল রেখে একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়েছে। ২০১২ সালে তারা কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন চালু করে। এর ফলে আমরা তিনবার সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে পারিনি। আওয়ামী লীগ ভোটের ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।"



0 Comments