তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের পদ না পাওয়া নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষ হওয়ার কিছুক্ষণ পর কলেজটির মূল ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এবং তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, পদবঞ্চিত কিছু ছাত্রদল নেতাকর্মী কলেজের মূল ফটকের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন। এসময় পাশের রাস্তায় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। তবে ককটেল বিস্ফোরণের সাথে কে জড়িত, তা জানা যায়নি। বিস্ফোরণে হতাহতের কোনো খবর নেই, তবে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
পদবঞ্চিত দাবি করা সাইফুল ইসলাম, যিনি আগে কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন, বলেন, "আমি জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলাম। বেশ কয়েকজন পদবঞ্চিত নেতা বিক্ষোভ মিছিল করেছেন। তবে ককটেল বিস্ফোরণের ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না।"
তিতুমীর কলেজ শাখার ছাত্রদলের সদ্য নিয়োজিত আহ্বায়ক ইমাম হোসেন বলেন, "কলেজে এখন শীতকালীন ছুটি চলছে এবং কলেজ বন্ধ। তাই কলেজের বাইরে যারা বিক্ষোভ মিছিল করেছে, সে বিষয়ে আমি কিছু জানি না। ককটেল বিস্ফোরণের ঘটনাও আমার জানা নেই। যারা নিজেদের পদবঞ্চিত দাবি করছেন, তারা আমার ভাই এবং আমি তাদের ভাই। আমাদের কমিটি বর্ধিত হবে এবং সেই কমিটিতে তাদের সবাইকে পদায়ন করা হবে।"
গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকার ৭টি ক্যাম্পাসের আংশিক কমিটি অনুমোদন করেছে। আগামী ৪৫ দিনের মধ্যে এই আংশিক কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে। ইউনিটগুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা।
কমিটির ঘোষণার পর থেকে পদবঞ্চিত দাবি করে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে আসছেন। গতকাল থেকে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চালাচ্ছে এবং ঘোষিত কমিটি বাতিলের দাবি জানাচ্ছে। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা একের পর এক শোডাউন করছেন।



0 Comments