Advertisement

পোশাক শ্রমিক নেতারা শ্রম সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা পেশ করেছেন।

শ্রম সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা পেশ করেছে পোশাক শ্রমিক নেতারা - ছবি : বাসস

দেশের জাতীয় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতারা তৈরি পোশাক কারখানার শ্রমিকদের শোভন কাজ নিশ্চিত করতে ১৫টি বিষয় চিহ্নিত করে যুগোপযোগী শ্রম আইনসহ প্রস্তাবনা শ্রম সংস্কার কমিশনের কাছে সুপারিশ আকারে পেশ করেছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) বিজয় নগরের শ্রম ভবনের সম্প্রীতি সভা কক্ষে মতবিনিময় সভা শেষে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) অন্তর্ভুক্ত গার্মেন্টস সংগঠন এবং দেশের শ্রমিক ফেডারেশনের নেতারা এ প্রস্তাবনা জমা দেন।

শ্রম সংস্কার কমিশন যুগোপযোগী শ্রম আইন প্রণয়নসহ অংশীজনদের সাথে মতবিনিময় করে সুপারিশ সংগ্রহ করেছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য চৌধুরী আশিকুল আলম, সাকিল আখতার চৌধুরী, তাসলিমা আখতার, রাজেকুজ্জামান রতনসহ অন্যান্যরা।

সভায় আইবিসির সভাপতি এ এন এম নাজিমুদ্দিন, পোশাক শ্রমিক ফেডারেশনের নেতারা সালাউদ্দিন স্বপন, চায়না রহমান, আমিরুল হক আমিন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), জি-স্কপ, এনসিসিডব্লিউই, ডব্লিউএফটিইউ-বিসি, আইটিইউসি-বিসি সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

আইবিসির নেতা জেড এম কামরুল আনাম জানান, পোশাক শিল্পের শ্রমিকদের অধিকার সুরক্ষা ও কল্যাণের জন্য প্রস্তাবনায় জাতীয় ন্যূনতম মজুরি কাঠামো ও বার্ষিক মজুরি বৃদ্ধির পাশাপাশি শ্রম আইন ও বিধিমালা, চাকরির নিরাপত্তা, সংগঠন করার স্বাধীনতা, যৌথ দরকষাকষির অধিকার, পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক নিরাপত্তা, জেন্ডার ইস্যু, সহিংসতা ও হয়রানি বন্ধ, ন্যায়বিচার, মানবাধিকার এবং জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, আজ গৃহকর্মে নিয়োজিত শ্রমিকদের পক্ষে ফরিদা খানম ও আবুল হোসেনের নেতৃত্বে শ্রমিক নেতৃবৃন্দ শ্রম কমিশনের কাছে একটি পৃথক প্রস্তাবনা জমা দিয়েছেন।

শ্রমিক অধিকার ও কল্যাণ রক্ষার্থে অন্তর্বর্তী সরকার ১৭ নভেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে শ্রম সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেয়।

সূত্র: বাসস

 

Post a Comment

0 Comments