Advertisement

তুরস্কে হাসপাতালে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ জনসহ পাইলট

তুরস্কের মুগলা হাসপাতালে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুগলা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালে একটি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ চার আরোহী নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডেইলি সাবাহের তথ্য অনুযায়ী, আজ (রোববার) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হেলিকপ্টারটি আন্তালিয়ার উদ্দেশে যাত্রা করার সময় হাসপাতাল ভবনের চতুর্থ তলায় ধাক্কা খায়। এরপর এটি পাশের একটি খালি জায়গায় আছড়ে পড়ে। নিহতদের মধ্যে দুজন পাইলট, একজন চিকিৎসক এবং একজন চিকিৎসাকর্মী রয়েছেন।

মুগলার আঞ্চলিক গভর্নর ইদরিস আকবিয়িক সাংবাদিকদের জানান, হেলিকপ্টারটি প্রথমে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আঘাত হানে, পরে মাটিতে পড়ে যায়। তবে এই ঘটনায় হাসপাতালে উপস্থিত কেউ হতাহত হননি।

ডেইলি সাবাহের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঘন কুয়াশার কারণে হেলিকপ্টারটি হাসপাতালের সাথে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, হাসপাতাল ভবনের পাশে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা উপস্থিত রয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দুই পাইলট, একজন ডাক্তার এবং একজন স্বাস্থ্যসেবা কর্মীর মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন।

সূত্র: পার্সটুডে

 

Post a Comment

0 Comments