Advertisement

সচিবালয়ে আগুন একটি গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী


 
সচিবালয়ে আগুন একটি গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, অর্থ পাচার এবং দুর্নীতির নথিপত্র ধ্বংস করতে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে, রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার শোয়ানুর জামান নয়নের বাড়িতে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন রিজভী। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

রুহুল কবীর রিজভী বলেন, "সচিবালয়ে আগুন একটি গভীর ষড়যন্ত্রের অংশ, এটি নিঃসন্দেহে চক্রান্তের অংশ। শেখ হাসিনার একজন প্রধান আমলা, মুখ্য সচিব, প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থ পাচারের ফাইলগুলো ছিল সেখানে, এবং পুড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।"

বিএনপির এই নেতা অভিযোগ করেন, "সরকার পালিয়ে গেলেও, বিশেষ করে আমলাতন্ত্র এখনও ফ্যাসিবাদের তোষামোদি করছে।"

এছাড়া, সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার শোয়ানুর জামান নয়নের বোনকে এক মাসের মধ্যে চাকরি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান রিজভী।

Post a Comment

0 Comments