ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ, মা শাহানা হানিফ ও ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং) মো. মাসুদুর রহমান তাদের দেশের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন।
এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনের পক্ষে সিদ্ধান্ত দেন এবং আবেদনটি মঞ্জুর করেন।
আবেদনে উল্লেখ করা হয়, অভিযোগে থাকা শাহানা হানিফ, সাঈদ খোকন এবং জাবেদ আহমেদের ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অভিযোগ উঠেছে।
অভিযোগের ভিত্তিতে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের পদ এবং রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে দেশের বিভিন্ন স্থান ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে শাহানা হানিফ, মোহাম্মদ সাঈদ খোকন, জাবেদ আহমেদ ও ফারহানা সাঈদ বিদেশে পালানোর আশঙ্কা রয়েছে। এজন্য সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাদের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।



0 Comments