শুক্রবার সকাল ৬টায় পঞ্চগরের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ওই সময় বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাংশ। গতকালও একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গত চারদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে, যার কারণে কনকনে শীত চলমান রয়েছে। এছাড়া, সকালে ও সন্ধ্যার পর হিমেল বাতাস এবং কুয়াশা দেখা যাচ্ছে। আগামী দিনে তাপমাত্রা আরও কমতে পারে।
এদিকে, পৌষ মাসের কনকনে ঠান্ডা ও কুয়াশার কারণে এলাকার চারপাশ আবৃত হয়ে পড়েছে। শীতের তীব্রতায় দিনমজুর, চা শ্রমিক এবং পাথর শ্রমিকরা কাজ করতে পারছেন না, ফলে তাদের আয় কমে গেছে। এ কারণে শীতার্ত ও ছিন্নমূল মানুষের রাত কাটছে দুর্ভোগে, এবং তাদের কাছে শীতের রাতগুলো যেন একেকটি দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এসব মানুষের জন্য সমাজের বিত্তবানদের সহায়তার আবেদন জানানো হচ্ছে।
শীত ও একটানা কুয়াশার কারণে শিশু ও বৃদ্ধরা বিশেষভাবে বিপাকে পড়েছেন। তারা প্রতিনিয়ত সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন।



0 Comments