জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে গুলি চালানো এবং বেসরকারি এমএ রশিদ হাসপাতাল ভাঙচুরের ঘটনায় জেলা যুবদল নেতা শুভ পাঠানসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে ঢাকার গুলশানের একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, ২৮ নভেম্বর রাতে জামালপুরের এমএ রশিদ হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় শুভ পাঠানের নেতৃত্বে একদল সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হাসপাতালটি ভাঙচুর করে। এ সময় হাসপাতালে কর্মরত ৪ জন আহত হন। এরপর তারা জেলা বিএনপির কার্যালয়ের সামনে ফাঁকা গুলি ছুঁড়ে এবং সেখানে ভাঙচুর চালায়। একই রাতে শহরের চালাপাড়ায় মো. শাহীন নামে এক ব্যক্তিকে অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এসব ঘটনায় পৃথক মামলা দায়ের হলে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— জামালপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক এম শুভ পাঠান (জামালপুর শহরের স্টেশন রোড এলাকার ওবায়দুল হাসান টিপু পাঠানের ছেলে), রিপন হোসেন হৃদয় (বসাকপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে), মাসুম মিয়া (চালাপাড়া এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে), রাজু মিয়া, এবং ঝুটন মিয়া (ছনকান্দা এলাকার নাসিরের ছেলে)।
পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।



0 Comments