ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে, এটি কোনোভাবেই বিফল হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের স্বার্থে জাতীয় ঐক্যের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না। বয়স্ক ও তরুণদের সমন্বয়ে যে দেশ গড়ে উঠবে, সেই দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
বুধবার (২৫ ডিসেম্বর) রাতে যশোর শহরের একটি অভিজাত হোটেলে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, "জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে যারা জীবন দিয়েছেন এবং যারা এখনো জীবিত আছেন, তারা চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। আমরা একটি মানবিক বাংলাদেশ চাই, যেখানে প্রতিটি মানুষ ন্যায়বিচার পাবে।"
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আজীজুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যশোর আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট, আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন, লেখক বেনজীন খান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মাহবুব মুর্শিদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. এ এইচ এম আহসান হাবীব এবং শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমান।
0 Comments