Advertisement

হেনরী এবং তার স্বামীর ৪৯টি ব্যাংক হিসাবে লেনদেনের পরিমাণ প্রায় ৪ হাজার কোটি টাকা


 সিরাজগঞ্জ-২ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী এবং তার স্বামী শামীম তালুকদারের ৪৯টি ব্যাংক হিসাবে প্রায় ৩,৮৯৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া, তারা প্রায় ৭৮ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এই অভিযোগে তাদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছে। 

সোমবার (২৩ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ বিষয়ে গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।


দুদকের আবেদন অনুযায়ী, গত ২৫ নভেম্বর আদালত জান্নাত আরা হেনরী, তার স্বামী এবং মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করে। হেনরীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয় ২০ আগস্ট। পরে, ১ অক্টোবর মৌলভীবাজার থেকে তার স্বামীসহ গ্রেপ্তার হন হেনরী।

এজাহারের সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার স্বামী শামীম তালুকদারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি ২০ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ২১৫ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া, হেনরী ৩৫টি ব্যাংক হিসাব ব্যবহার করে মোট ২ হাজার ২ কোটি ৬৬ লাখ ৫৭৭ টাকা এবং প্রায় ১৩ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার মার্কিন ডলার (১১৫ টাকার মানে প্রায় ১৫৮৫ কোটি টাকা) সন্দেহজনক লেনদেন করেছেন, যা সম্ভবত অবৈধ অর্থ বা সম্পত্তির উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে করা হয়েছে।


সোনালী ব্যাংকের পরিচালক থাকাকালীন সময়ে রাজনৈতিক প্রভাব বিস্তার করে অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার করার প্রমাণ পেয়েছে দুদক।

অন্য একটি এজাহারে বলা হয়েছে, মো. শামীম তালুকদার (লাবু) তার স্ত্রী জান্নাত আরা হেনরীর অপরাধলব্ধ অর্থ দিয়ে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন। তিনি তার ১৪টি ব্যাংক হিসাবে ৩০৬ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৮৬০ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। 

তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২), ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।


Post a Comment

0 Comments