বাংলাদেশে অবৈধভাবে অবস্থানকারী বিদেশী নাগরিকদের বৈধতা অর্জনের জন্য ২০২৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে সময়সীমা নির্ধারণ করেছে সরকার। এই সময়সীমা মেনে না চললে অবৈধভাবে অবস্থানকারী নাগরিক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে অবৈধ বিদেশী নাগরিকদের বৈধতা অর্জনের জন্য এই সময়সীমা ঘোষণা করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য জানানো যাচ্ছে যে, অনেক বিদেশী নাগরিক বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছেন বা কর্মরত আছেন।
এমন পরিস্থিতিতে, অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বা কর্মরত বিদেশী নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল দফতর বা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্যও আহ্বান জানিয়েছে।
সময়সীমা অতিক্রান্ত হলে অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সূত্র: ইউএনবি



0 Comments