রেলের দুই প্রকল্পসহ ১০টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৭৪ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে বরাদ্দ থাকবে ১ হাজার ৬৪২ কোটি ৯৮ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে আসবে ৩৩১ কোটি ৩২ লাখ টাকা।
সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ৩৪৬টি লেভেল ক্রসিং গেটে গেইটকিপার নিয়োগসহ প্রয়োজনীয় মান উন্নয়ন করা হবে। ট্রেনের ভ্রমণ সময় কমিয়ে সেকশনাল ক্যাপাসিটি বৃদ্ধি করতে হবে।
তিনি আরও বলেন, চিলমারি বন্দর প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এতদিন এতে কোনো অগ্রগতি ছিল না। তবে এখন আমরা সংশোধিত প্রস্তাবটি খুঁজে বের করে অনুমোদন দিয়েছি।
তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ৩২৬টি লেভেল ক্রসিং গেটে গেইটকিপার নিয়োগসহ প্রয়োজনীয় মান উন্নয়ন করা হবে। রেললাইন ও সড়ক পথে যানবাহন চলাচলের সময় দুর্ঘটনা রোধ করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হলো— চিলমারী এলাকার (রমনা, জোড়গাছ, রাজিবপুর, রৌমারি এবং নয়াহাট) নদী বন্দর নির্মাণ প্রকল্প। এছাড়া রয়েছে আশুগঞ্জ-পলাশ সবুজ প্রকল্প, কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প, এবং অর্থনৈতিকভাবে জীবনচক্র হারানো রাবার গাছ কর্তন, পুনঃবাগান সৃজন ও রাবার প্রক্রিয়াকরণ আধুনিকায়ন প্রকল্প।
এছাড়া ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের জন্য ৬০ এমএমএসসিএফডি ক্ষমতাসম্পন্ন প্রসেস প্লান্ট সংগ্রহ ও স্থাপন প্রকল্প, রশিদপুর-১১ নং কূপ খনন প্রকল্প, ২ডি সাইসমিক সার্ভে ওভার এক্সপ্লোরেশন ব্লক ৭ এন্ড ৯ প্রকল্প এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৬০টি ডে-কেয়ার সেন্টার প্রকল্পও অনুমোদিত হয়েছে।
আরও রয়েছে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেইটগুলোর পুনর্বাসন ও মান উন্নয়ন প্রকল্প এবং পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেইটগুলোর পুনর্বাসন ও মান উন্নয়ন প্রকল্প।
এদিকে, পরিকল্পনা উপদেষ্টার অনুমোদন দেওয়া ৬টি প্রকল্প একনেকে অবগতির জন্য উপস্থাপন করা হয়েছে। এগুলো হলো: মাদানী এভিনিউ থেকে বালু নদী পর্যন্ত প্রশস্তকরণ এবং বালু নদী থেকে শীতলক্ষ্যা নদী পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প, রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্প, নির্বাচিত ফসলের নন-হিউম্যান কনজাম্পশন এবং ফসলের ক্ষতি ও অপচয় নিরূপণ জরিপ প্রকল্প, অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প, বাংলাদেশের প্রাণিকুলের রেড লিস্ট হালনাগাদকরণ প্রকল্প, এবং চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিআইডিপি-৪) প্রকল্প।



0 Comments