সোমবার সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ৫৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৮৪ জন আহত হয়েছেন। খবরটি আনাদোলু এজেন্সি নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী, যার ফলে হাজার হাজার ফিলিস্তিনি নিহত এবং লক্ষাধিক মানুষ আহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৪ মাসব্যাপী এই অভিযানে গাজায় মোট ৪৫,৩১৭ জন নিহত এবং ১,০৭,৭১৩ জন আহত হয়েছেন।
বিবৃতিতে আরও জানানো হয়, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে, কারণ অনেকেই ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছেন, এবং উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল না থাকায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
২০২৩ সালে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাসের যোদ্ধারা ইসরাইলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায়, যার ফলে এক হাজার ২০০ জন নিহত এবং ২৪২ জনকে জিম্মি করা হয়। এরপর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী, যা এখনো চলমান।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য বারবার আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে দুর্বল না করা এবং জিম্মিদের মুক্তি না পাওয়া পর্যন্ত গাজায় অভিযান চলবে।



0 Comments