সময় টিভির পাঁচ সাংবাদিকের বরখাস্তের জন্য সরকারকে দায়ী করা ভিত্তিহীন বলে দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার বক্তব্য অনুযায়ী, এ ঘটনার জন্য একমাত্র দায়ী সিটি গ্রুপ।
শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম উল্লেখ করেন, "আমরা বারবার বলেছি, কোনো সংবাদমাধ্যমের কার্যক্রমে হস্তক্ষেপ করি না। যদি কেউ প্রমাণ দিতে পারে যে কোনো সরকারি কর্মকর্তা বা গোয়েন্দা সংস্থার কেউ সাংবাদিকদের নিয়োগ বা বরখাস্তে প্রভাব বিস্তার করেছেন, আমাদের জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।"
তিনি আরও বলেন, "সিটি গ্রুপ সময় টিভির সাংবাদিকদের বরখাস্ত করার পরিবর্তে তাদের অবস্থান পরিষ্কার করতে পারত। শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে বরখাস্তের সিদ্ধান্ত না নিয়ে তারা মালিকপক্ষের দায় এড়িয়ে নিজেদের ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে।"
শফিকুল আলম অভিযোগ করেন, কিছু রাজনৈতিক নেতা সংবাদমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করে তাদের মতাদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাংবাদিকদের নিয়োগ দিতে বাধ্য করছেন। তিনি বলেন, "পশ্চিমা দেশগুলোতেও অধিকার সংগঠনগুলো অভিযোগ তোলে, কিন্তু সংবাদমাধ্যমের মালিকপক্ষ চাপ মোকাবিলা করে। সিটি গ্রুপের ক্ষেত্রে তা হয়নি।"
তিনি আরও বলেন, "সমালোচকরা শেখ হাসিনার সময় সময় টিভির সাংবাদিকতার অবস্থা নিয়ে কথা বলেননি। বরং তারা মিথ্যা তুলনার মাধ্যমে বর্তমান পরিস্থিতিকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন।"
শফিকুল আলমের বিবৃতিতে সিটি গ্রুপের ভূমিকা এবং সাংবাদিকদের বরখাস্তের পেছনে তাদের দায়কে আরও গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়।



0 Comments