ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও প্রখ্যাত অর্থনীতিবিদ মনমোহন সিং বৃহস্পতিবার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস)-এ মারা যান। তার বয়স ছিল ৯২ বছর। তার মৃত্যুর পর ভারতের কেন্দ্রীয় সরকার ৭ দিনের শোক ঘোষণা করেছে। এছাড়া, তার শেষকৃত্য শনিবার (২৮ ডিসেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে কেন্দ্রীয় সরকার সাত দিনের শোক ঘোষণা করেছে। ভারতের অর্থনৈতিক সংস্কারের এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার বেলা ১১টায় মন্ত্রিসভা বৈঠক করবে।
এছাড়া, কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল জানিয়েছেন, মনমোহন সিংয়ের শেষকৃত্য শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এবং শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মনমোহন সিংয়ের প্রজ্ঞা এবং বিনয়ী ব্যক্তিত্বের প্রশংসা করেছেন, এবং বলেছেন, তার নম্রতা ও জ্ঞানের প্রভাব সর্বদা দৃশ্যমান ছিল।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারতীয় এবং আন্তর্জাতিক নেতারা, সহ দেশবাসী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন। কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধী তার ‘গুরু এবং পথনির্দেশক’ হিসেবে শোক প্রকাশ করেছেন। তিনি এক পোস্টে বলেন, লাখ লাখ মানুষ মনমোহন সিংকে অত্যন্ত গর্বের সঙ্গে মনে রাখবেন।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, মনমোহন সিং ‘জাতির প্রতি তার সেবা, তার নিষ্কলঙ্ক রাজনৈতিক জীবন এবং তার পরম বিনয়ের’ জন্য সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন, এবং তার চলে যাওয়া জাতির জন্য বড় ক্ষতি।
এদিকে, মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকীসহ সব দলীয় কর্মসূচি আগামী সাত দিনের জন্য বাতিল করা হয়েছে।
মনমোহন সিং ১৯৩২ সালে পাঞ্জাবে জন্মগ্রহণ করেন এবং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে তিনি ভারত সরকারের সঙ্গে যুক্ত হন এবং দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন।



0 Comments