Advertisement

"৫ আগস্টের আগের রাজনীতি আর পরের রাজনীতি এক নয়"

 

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন


বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, "৫ আগস্টের আগের রাজনীতি আর পরের রাজনীতি এক নয়।"

বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাবেক আহ্বায়ক মরহুম জাহিদ হোসেন চুন্নুর ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ আয়োজন করে জিয়া শিশু-কিশোর মেলা কেন্দ্রীয় কমিটি।

ড. রিপন বলেন, "আমাদের সংকট এখনো কাটেনি। আমরা একটি গভীর সংকটের মধ্যে আছি। আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন, ‘আগামী নির্বাচন কঠিন হবে এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। মানুষের কাছে যেতে হবে এবং জনআস্থা অর্জন করতে হবে। তিনি আরও বলেছেন, ৫ আগস্টের আগের রাজনীতি আর ৫ আগস্টের পরের রাজনীতি এক নয়। তাই আমাদের সতর্ক থাকতে হবে।"

তিনি আরও বলেন, "রাজনীতি করতে হলে জনগণকে সবসময় অগ্রাধিকার দিতে হবে। যদি তা মাথায় না রাখা হয়, রাজনীতি ভুল পথে চলে যাবে। আন্দোলনের স্পিরিট কোনোভাবেই বিভক্ত করা যাবে না। বিভক্তি ঘটলে পতিত স্বৈরাচার লাভবান হবে, যা আমরা কখনোই হতে দিতে পারি না।"

মরহুম জাহিদ হোসেন চুন্নুর স্মৃতিচারণ করে তিনি বলেন, "৮০'র দশকে ছাত্রদলের সাথে সরাসরি যুক্ত না থাকলেও জাসাসের মাধ্যমে চুন্নু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে আমাদের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি অত্যন্ত নির্ভরযোগ্য ও সম্ভাবনাময় ছিলেন। তার অস্বাভাবিক মৃত্যু আমাদের পার্টির জন্য বড় ক্ষতি।"

জিয়া শিশু-কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments