কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশে যাত্রা করার সময় বিমানটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুসারে, কাজাখস্তানের আকতাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের এই বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানে ৬২ জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য ছিলেন।
দুর্ঘটনার পর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রাশিয়ায় তার সফর সংক্ষিপ্ত করেছেন। সেখানে তিনি কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (সিআইএস) দেশগুলোর এক অনানুষ্ঠানিক সম্মেলনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন। সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোর সমন্বয়ে এই জোট গঠিত।
কাজাখস্তানের পরিবহন মন্ত্রণালয় টেলিগ্রামে এক বার্তায় জানায়, বুধবার বাকু-গ্রোজনি রুটে চলাচলকারী একটি উড়োজাহাজ আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটি আজারবাইজানের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই বিমানে আজারবাইজান, রাশিয়া, কাজাখস্তান এবং কিরগিজস্তানের নাগরিকরা ছিলেন।



0 Comments