আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে ১৩ ধাপ উন্নতি করে ১০ নম্বরে পৌঁছেছেন অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী।
বুধবার (২৫ ডিসেম্বর) আইসিসির সাপ্তাহিক হালনাগাদে এই তথ্য প্রকাশ করা হয়।
টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করা তিন ম্যাচের সিরিজে টাইগারদের সেরা পারফরমার ছিলেন শেখ মেহেদী হাসান, যার জন্য তিনি আইসিসি র্যাংকিংয়ে পুরস্কৃত হয়েছেন।
এই তিন ম্যাচে মেহেদী অসাধারণ বোলিং করেছেন এবং ব্যাটিংয়ে যোগ করেছেন গুরুত্বপূর্ণ রান। প্রথম টি-টোয়েন্টিতে তিনি মাত্র ১৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন এবং ২৪ বল খেলে অপরাজিত ২৬ রানের ইনিংসও খেলেন।
লো স্কোরিং দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি ব্যাট হাতে ১১ বলে ১১ রান করেন এবং পরে ২০ রানে ২ উইকেট শিকার করেন।
তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিংয়ে শূন্য রানে আউট হলেও বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন মেহেদী। তিনি ১৩ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন। সবমিলিয়ে তিন ম্যাচে ৩৭ রান দিয়ে তিনি আটটি উইকেট শিকার করেন, যার জন্য বোলিং র্যাংকিংয়ে সেরা দশে উঠে এসেছেন।
মেহেদীর ঠিক পরেই অবস্থান করছেন বাংলাদেশের আরেক বোলার তাসকিন আহমেদ। তিন ম্যাচে ৭ উইকেট শিকার করা এই পেসার সাত ধাপ এগিয়ে এখন ১১ নম্বরে রয়েছেন।
এদিকে, রিশাদ হোসেন এবং হাসান মাহমুদ বড় লাফ দিয়েছেন। তিন ম্যাচে ৬ উইকেট নেওয়া রিশাদ ২১ ধাপ এগিয়ে ১৭তম অবস্থানে উঠে এসেছেন, আর সমান ম্যাচে ৪ উইকেট পাওয়া হাসান ২৩ ধাপ এগিয়ে ২৪ নম্বরে অবস্থান করছেন।



0 Comments