সংস্কার ছাড়া বিএনপি নির্বাচন চায়—এমন ধারণা সঠিক নয়, জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সবসময় গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় সংস্কারের পক্ষে। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে এ কথা বলেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি সংস্কারের বিষয়ে আন্তরিক। রাজনৈতিক সংস্কারের চিন্তা থেকেই ২০১৬ সালে ভিশন-২০৩০ এবং ২০২২ সালে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেওয়া হয়েছিল। বিএনপি প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার করে নির্বাচনে যেতে চায়, তবে জনগণকে সঙ্গে নিয়ে এই কাজ করতে হবে। জনগণের ওপর কিছু চাপিয়ে দেওয়ার পক্ষে বিএনপি নয়।
তিনি আরও বলেন, সময় বাড়ানোর সঙ্গে সঙ্গে সমস্যা আরও বাড়বে। রাষ্ট্রযন্ত্রে এখনো ফ্যাসিবাদীরা বসে আছেন। কাঠামো ও প্রতিষ্ঠানগুলোকে গণতন্ত্রের জন্য উপযোগী করতে হবে। গণতন্ত্রের জন্য ধারাবাহিক প্রতিটি সংগ্রামকেই স্মরণে রাখা উচিত।



0 Comments