হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী জানিয়েছেন, তার বাবার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিলেটে নিয়ে যাওয়া হবে।
রোববার দুপুর ২টায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে মরহুম হারিছ চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আছর, কানাইঘাট উপজেলার সড়কের বাজারে তার প্রতিষ্ঠিত 'শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার' আঙ্গিনায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।
সামিরা চৌধুরী জানান, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর হারিছ চৌধুরী মৃত্যুবরণ করলে, তখন আওয়ামী লীগ সরকারের নির্যাতন ও রোষানল থেকে বাঁচতে তার পরিচয় গোপন করে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়্যিন মাদরাসা প্রাঙ্গণে অধ্যাপক মাহমুদুর রহমান নামে দাফন করা হয়।
পরে, কন্যা সামিরার একটি রিটের পর হাইকোর্টের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। কবর থেকে লাশ তোলার পর সিআইডি ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে এবং লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।
ডিএনএ পরীক্ষায় লাশটি হারিছ চৌধুরী হওয়া নিশ্চিত হলে, তার পরিবার সিলেটে তাকে দাফন করার সিদ্ধান্ত নেয়।
সূত্র: ইউএনবি



0 Comments