Advertisement

জাহাজে ৭ খুন: বিচারের দাবিতে নৌযান শ্রমিকদের কর্মবিরতি


 চাঁদপুরে ‘এমভি আল বাখেরা’ জাহাজে ৭ জন হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে পণ্যবাহী নৌযান শ্রমিকরা। এর ফলে রাত ১২টা থেকে মালামাল বহনকারী নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সারবোঝাই পণ্যবাহী ‘এমভি আল বাখেরা’ জাহাজে সাতজনকে হত্যার প্রতিবাদে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং ঘটনার সঙ্গে অন্য কারা জড়িত, তা সঠিকভাবে তদন্ত করার দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।

তিনি বলেন, সারাদেশে ১০ হাজার ছোট পণ্যবাহী নৌযান ও লক্ষাধিক শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। যারা ওই জাহাজে হতাহতের শিকার হয়েছেন, তাদের জন্য সরকারের পক্ষ থেকে জনপ্রতি ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করছি। এছাড়া, সকল নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের কোনো পদক্ষেপ চোখে পড়েনি। তাই এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি এবং পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে।

এ বিষয়ে চাঁদপুর নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, এটি (জাহাজে ৭ খুন) ব্যক্তিগত আক্রোশের ঘটনা ছিল। নদীতে কোনো ধরনের নৌযান নিরাপত্তাহীনতায় নেই। নৌপুলিশ ও কোস্টগার্ড সবসময় সতর্ক অবস্থায় রয়েছে।

এদিকে, গ্রেফতার হওয়া আকাশ মন্ডল ওরফে ইরফানকে নৌপুলিশের দাবির প্রেক্ষিতে সাতদিনের রিমান্ডে নেওয়ার পর নানা তথ্য বের করার চেষ্টা চলছে বলে চাঁদপুর নৌপুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (২৩ ডিসেম্বর) চাঁদপুরের মেঘনা নদীর হাইমচরের ঈশানবালার মাঝেরচর সংলগ্নে মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে খুনের ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে বাগেরহাটের চিতলমারি থেকে আত্মগোপনে থাকা আকাশ মন্ডল ওরফে ইরফানকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত খুনির বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলায়।


Post a Comment

0 Comments