Advertisement

"জাতীয় ফুটবল দলকে আওয়ামীকরণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে": মেজর হাফিজ


 বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, "আওয়ামী লীগের শাসনামলে কাজী সালাউদ্দিন আহমেদ জাতীয় ফুটবল দলকে ধ্বংস করেছেন।"

এ সময় তিনি বলেন, "দেশে একমাত্র রাজনৈতিক দল হিসেবে বিএনপিই ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়েছে।" তিনি আরও বলেন, "আমরা আওয়ামী লীগকে শাস্তি দিইনি, তাদের শাস্তি আল্লাহ তায়ালা দিয়েছেন।"

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর হোটেল লেকশোরে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উপলক্ষে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাফিজ বলেন, "আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এমন একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।"

তিনি বলেন, "আমি পূর্ব পাকিস্তানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছি এবং তার সাথে ফুটবল খেলেছি।"

হাফিজ আরও বলেন, "আমি মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি এবং জাতীয় দলের খেলোয়াড় হিসেবে ইরানসহ বিভিন্ন দেশে ফুটবল খেলতে গিয়েছিলাম। পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছি।"

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, "আমরা মনে করি, রাষ্ট্রের অনেক প্রতিষ্ঠানে এখনো স্বৈরাচারী হাসিনা সরকারের দোসররা আছেন। তাদের দ্রুত বিতাড়িত করতে হবে।"

তিনি বলেন, "ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬টি থানার মধ্যে থেকে ভালো মানের খেলোয়াড় বাছাই করে আটটি ভাগে বিভক্ত করে একটি সুশৃঙ্খল ফুটবল দল গঠন করা হবে। আরাফাত রহমান কোকোর ফুটবল টুর্নামেন্ট সারা দেশে ছড়িয়ে দেয়া হবে।"

তিনি আরও বলেন, "বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আর কোনো দলীয়করণ করা হবে না। খেলার মাঠ এবং ক্রীড়াঙ্গন হবে রাজনৈতিক ও দলীয়করণ মুক্ত।"

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমীন বলেন, "ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক একজন সফল ফুটবল খেলোয়াড় ছিলেন। তার উদ্যোগে এমন ফুটবল টুর্নামেন্ট আয়োজন খুবই চমৎকার। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তিনি গ্রেফতারসহ জেল, জুলুম-নির্যাতনের শিকার হয়েছিলেন। আমরা এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে মেধাবী ও ভালো মানের ফুটবল খেলোয়াড় তুলে আনব। গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার ফুটবলসহ ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে। আমরা বাংলাদেশের জাতীয় ফুটবল পরিচালনা কমিটির সাথে যোগাযোগ অব্যাহত রেখে, দেশের প্রতিটি ইউনিয়নে ফুটবল মাঠ এবং ভালো মানের খেলোয়াড় গঠনে ভূমিকা রাখব।"

এ সময় সাবেক জাতীয় ফুটবলার সৈয়দ রুম্মান বিন অয়ালী সাব্বির, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং প্রধান সমন্বয়ক ক্রীড়া ও সাংস্কৃতিক সেল মুস্তাফিজুর রহমান সেগুন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি, সদস্য মোজাম্মেল হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো খবর :  

 ভারত চিঠির জবাবে দেরি করলে বাংলাদেশ পাঠাতে পারে তাগিদপত্র

শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারত সরকারের মুখপাত্রের বক্তব্য

মির্জা ফখরুল: বিএনপিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের যোগদান নিয়ে যা বললেন


Post a Comment

0 Comments