ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস) আয়োজিত এই সংলাপের মূল উদ্দেশ্য হলো ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, অর্থনীতিবিদ ড. মুশতাক হুসাইন খান, এবং সমাপনী বক্তব্য দেবেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ।
এছাড়া, অন্তর্বর্তী সরকারের সাতজন উপদেষ্টা, ২০টি রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক সমাজের বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার শীর্ষস্থানীয় ব্যক্তিরা এই সংলাপে অংশ নেবেন। অনুষ্ঠান শেষে একটি ঘোষণাপত্র প্রকাশ করা হবে।
এ উপলক্ষে ২৬ ডিসেম্বর বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৭-২৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিচার, সংস্কার, নিরাপত্তা ও নির্বাচন বিষয়ে ৬টি অধিবেশনে সংলাপ অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সরকারের উপদেষ্টা, নাগরিক সমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং ছাত্র নেতারা এতে যোগ দেবেন। তবে আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের শরিক দলের কোনো প্রতিনিধি সংলাপে অংশ নেবেন না।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এফবিএস-এর আহ্বায়ক সাংবাদিক মনির হায়দার, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন, রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান, আইনজীবী দিলরুবা শারমিন, সাংবাদিক ফারুক ওয়াসিফ এবং সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক তৌফিক জোয়ার্দার প্রমুখ।



0 Comments