টেস্ট ক্রিকেটে অসাধারণ এক কীর্তি সৃষ্টি করেছেন অস্ট্রেলিয়ার চার বোলার। একসঙ্গে মাঠে নেমে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হেইজেলউড ও নাথান লায়ন অর্জন করেছেন ৫০০ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে এমন একটি নজির আর কোনো দলের বোলারদের নেই।

পার্থে শুক্রবার ভারতের বিপক্ষে প্রথম সেশনের আগেই এই মাইলফলক স্পর্শ করেন অস্ট্রেলিয়ান বোলাররা। এসময় ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ৪৭ রান। দুটি করে উইকেট নেন স্টার্ক ও হেইজেলউড।

পরে উইকেট শিকারে যোগ দেন কামিন্সও। দিন শেষে কোনো উইকেট পাননি লায়ন। তাতে অবশ্য অর্জন থেমে থাকেনি দলের।

একসঙ্গে খেলতে নেমে কামিন্স নিয়েছেন ১৩০ উইকেট। হেইজেলউড ও স্টার্ক নিয়েছেন ১২৪টি করে। স্পিনার লায়নের ঝুলিতে রয়েছে ১২২ উইকেট। অর্থাৎ ৫০০ উইকেটের অনন্য এই রেকর্ডে সবারই সমান অবদান আছে, তা বলাই যায়।

এই তালিকায় তাদের পরে যারা আছেন তারাও অনেক পিছিয়ে। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, বেন স্টোকস ও মঈন আলি জুটি নিয়েছিলেন ৪১৫ উইকেট। তাদের মধ্যে একমাত্র স্টোকসই এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন।

ওদিকে স্টার্ক-হেইজেলউড-কামিন্স-লায়ন জুটি এখনও খেলে চলেছেন দপটের সঙ্গেই। রেকর্ডটা তাই আরও সমৃদ্ধ করে নেওয়ার সুযোগ আছে তাদের সামনে।