হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
বিএনপি-জামায়াত ঐক্যের আহ্বান জানালেন হাসনাত আবদুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বিএনপি ও জামায়াতসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, “বিগত দেড় দশকের আওয়ামী স্বৈরশাসনের নির্মম অত্যাচারের শিকার হয়েছে বিএনপি ও জামায়াত। আওয়ামী লীগ গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকারের ওপর চরম আঘাত হেনেছে। এখন তাদের নিষিদ্ধকরণ এবং বিচার বাংলাদেশের জনগণের অভিন্ন দাবি।”
তিনি উল্লেখ করেন, চব্বিশের গণঅভ্যুত্থান এক নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা উন্মোচন করেছে। এজন্য সব নিপীড়িত দলের ঐক্য অপরিহার্য। “আমরা আর ৭১ ও ৯০-এর ব্যর্থতার পুনরাবৃত্তি চাই না। দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে এবং বহিঃশক্তির প্রভাব ঠেকাতে আমাদের ঐক্যের বিকল্প নেই,” বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ আরও জানান, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বিভাজন জনগণের জন্য ক্ষতিকর। “বিভেদ নয়, ঐক্য চাই। সুশাসন প্রতিষ্ঠা এবং আওয়ামী সন্ত্রাসীদের বিচারের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
এই আহ্বান রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন মহল এটি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নতুন গতির সম্ভাবনা হিসেবে দেখছে।



0 Comments