Advertisement

সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে ১২ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

 
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবন। [ছবি: সংগৃহীত]

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বে লিজিংয়ের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে ১২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনায় তাঁর স্ত্রী সুরাইয়া বেগমকে পাঁচ কোটি টাকা এবং জামাতা তুষার এল কে মিয়াকে আড়াই কোটি টাকা জরিমানা করা হয়েছে। মোট সাড়ে ১৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে এই তিনজনকে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আজ মঙ্গলবারের সভায় এ জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

জানা গেছে, বে লিজিংয়ের পরিচালক থাকার সময় সুরাইয়া বেগম সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ আইন লঙ্ঘন করে কোম্পানির শেয়ার বিক্রি করেছেন। একই অপরাধ করেছেন তাঁর স্বামী আলমগীর কবির এবং জামাতা তুষার এল কে মিয়া। আইন অনুযায়ী, সংশ্লিষ্ট কোম্পানির কোনো পরিচালক নির্ধারিত সময়সীমার মধ্যে সেই কোম্পানির শেয়ার লেনদেন করতে পারেন না। 


বিএসইসি জানিয়েছে, এ কর্মকাণ্ডে মূল নেতৃত্ব দিয়েছেন সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির। ব্যাংকের চেয়ারম্যান হলেও তিনি পরিবারের সদস্যদের মাধ্যমে বে লিজিং পরিচালনা ও নিয়ন্ত্রণ করতেন।

বিএসইসি জানিয়েছে, উল্লিখিত তিন ব্যক্তির পাশাপাশি বে লিজিংয়ের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস হলো সাউথইস্ট ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান।


এ ছাড়া ২০২১ সালে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে বিধি অনুযায়ী প্রভিশনিং বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ না করায় বে লিজিংয়ের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানি সচিবকে সতর্ক করা হয়েছে।

আজকের বিএসইসি সভায় গ্রাহক হিসাবে ঘাটতির দায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত দুটি ব্রোকারেজ হাউসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে মডার্ন সিকিউরিটিজকে এক লাখ টাকা এবং আনোয়ার সিকিউরিটিজকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ব্রোকারেজ হাউস দুটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেছে বিএসইসি।


Post a Comment

0 Comments