Advertisement

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও জয়ের পথে ফিরেছে।

 


জয়ের ধারায় ফিরল আর্জেন্টিনা  

এক ম্যাচ পর ফের জয়ের দেখা পেল আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ম্যাচে চেনা ছন্দ না থাকলেও স্বস্তির জয় পেয়েছে আলবিসেলেস্তারা। দলের হয়ে একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ, যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।  


বুধবার ভোরে বুয়েনস এইরেসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিকরা। ম্যাচের একমাত্র গোলটি আসে মেসি ও মার্টিনেজের চমৎকার রসায়নে।  

তবে ম্যাচের আগে বেশ বিপাকে ছিলেন কোচ লিওনেল স্কালোনি। দলের পাঁচ গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটের কারণে জোড়াতালি দিয়ে একাদশ সাজাতে হয়, যার প্রভাব খেলার ধরনে স্পষ্ট ছিল।  


প্রথমার্ধে আর্জেন্টিনা ৭৫ শতাংশের বেশি সময় বল দখলে রাখলেও গোলের জন্য নিতে পেরেছিল মাত্র ছয়টি শট, যার মধ্যে কেবল একটি ছিল লক্ষ্যে। পেরুও পাল্টা আক্রমণে কোনো চাপ তৈরি করতে পারেনি।  


দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। মেসির বাঁ দিক থেকে বাড়ানো নিখুঁত ক্রসে হেড থেকে দুর্দান্তভাবে লক্ষ্যভেদ করেন তিনি।  

এরপর আর্জেন্টিনা আক্রমণ চালিয়ে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি। অন্যদিকে পেরু পুরো ম্যাচে কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়।  


এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্তিশালী করেছে আর্জেন্টিনা। ১২ ম্যাচে ৮ জয়ে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট।  

Post a Comment

0 Comments