Advertisement

ইমরান খানের সরকার পতনে সৌদির ভূমিকা ছিল বলে দাবি করেছেন তার স্ত্রী বুশরা।

 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি অভিযোগ করেছেন, তার স্বামীর সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাগারে বন্দি থাকা অবস্থায় একটি বিরল ভিডিও বার্তায় তিনি এই দাবি করেন। একই সঙ্গে, তিনি আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিতব্য বিক্ষোভ মিছিলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ২০২০ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানের সরকার পতনের জন্য সৌদি আরবের ভূমিকা ছিল বলে ভিডিওতে দাবি করেন বুশরা। তিনি অভিযোগ করেন, ইমরান খান মদিনায় খালি পায়ে জিয়ারতে যাওয়ার পর তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) কমর জাভেদ বাজওয়া সৌদি কর্মকর্তাদের ফোন গ্রহণ শুরু করেন। বুশরা বলেন, সৌদি কর্মকর্তারা ইমরান খানের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে বাজওয়াকে প্রশ্ন করেন, "এমন একজন ব্যক্তিকে কেন ক্ষমতায় আনা হলো?"

বুশরা আরও অভিযোগ করেন, এরপর থেকেই সৌদি আরবের পক্ষ থেকে ইমরান খানের বিরুদ্ধে কুৎসা রটানো শুরু হয় এবং তাকে "ইহুদি এজেন্ট" বলা হতে থাকে।

ভিডিও বার্তায় তিনি উল্লেখ করেন, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান দলীয় নেতাকর্মীদের ২৪ নভেম্বরের প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং এই তারিখ অপরিবর্তনীয়।

বুশরার এই বক্তব্যের পর পাকিস্তান সরকার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তারা একে পাকিস্তান ও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ক্ষতিকর ও আত্মঘাতী বলে আখ্যা দিয়েছে।

এদিকে, পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক আনসার আব্বাসী জানিয়েছেন, জেনারেল বাজওয়ার ঘনিষ্ঠ সূত্রগুলো বুশরার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তারা দাবি করেছে, "ইমরানের স্ত্রীর কারণেই সব শেষ হয়ে গেছে।"

পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা তাহির আশরাফি, যিনি ইমরান খানের সৌদি সফরে উপস্থিত ছিলেন, বুশরার অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, ওই সফরে ইমরান খান তার প্রত্যাশার চেয়েও বেশি কিছু অর্জন করেছিলেন।

Post a Comment

0 Comments