Advertisement

বিশ্বযুদ্ধে রূপ নিচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: পুতিনের নতুন সতর্কতা

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক সংঘাতে রূপ নিচ্ছে: পুতিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আঞ্চলিক সংঘাতের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক সংঘাতে রূপ নিচ্ছে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নির্মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের পর পুতিন এ মন্তব্য করেন। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর এমন পদক্ষেপ মস্কোর পাল্টা হামলাকে আরও তীব্র করে তুলতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুতিন তার বক্তব্যে উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অনুমোদিত ক্ষেপণাস্ত্র ব্যবহারের জবাবে রাশিয়া ইউক্রেনের সামরিক স্থাপনায় হাইপারসনিক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের হামলার তীব্রতা আরও বাড়তে পারে। তবে রাশিয়া হামলার আগে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সতর্ক করবে বলে আশ্বস্ত করেন।

পুতিন আরও জানান, গত ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্মিত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায়। এর দুই দিন পর ব্রিটিশ নির্মিত স্টর্ম শ্যাডো মিসাইল দিয়ে রাশিয়ায় আরেকটি আঘাত হানে কিয়েভ। তিনি এ হামলাগুলোকে যুদ্ধের বৈশ্বিক রূপান্তরের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

বৃহস্পতিবার রাতে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন সরাসরি যুক্তরাষ্ট্রকে এ সংঘাতকে বৈশ্বিক পর্যায়ে উস্কে দেওয়ার জন্য দায়ী করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনের হামলা আরও তীব্র হলে রাশিয়া কঠোর প্রতিক্রিয়া জানাতে পিছপা হবে না।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন সাম্রাজ্যবাদী পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেছে। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, পুতিন ইউক্রেনে জয়ী হলে ন্যাটোভুক্ত দেশগুলোতেও একই ধরনের সামরিক অভিযান চালাতে পারেন।

Post a Comment

0 Comments