Advertisement

একটি গোষ্ঠী দেশকে অস্থির করতে ষড়যন্ত্র করছে: জামায়াত আমীর

 

পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে একটি গোষ্ঠী ক্রমাগতভাবে দেশকে অস্থির করার উদ্দেশ্যে ষড়যন্ত্র ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই অভিযোগ তোলেন।

শফিকুর রহমান বলেন, ২৬ নভেম্বর চট্টগ্রাম মহানগরীতে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, তা অত্যন্ত জঘন্য ও নিন্দনীয় অপরাধ। একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষে দাঁড়িয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য বিভিন্ন ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থির করতে চায়, তবে দেশপ্রেমিক জনগণ তাদের এ দুরভিসন্ধি সম্পর্কে পুরোপুরি সচেতন ও ঐক্যবদ্ধ। অতীতে যেমন তাদের অপচেষ্টা ব্যর্থ হয়েছে, তেমনি ভবিষ্যতেও তা ব্যর্থ হবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, "চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যা ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং শাহাদাতের সুউচ্চ মর্যাদা দান করুন। আমি তার শোক-সন্তপ্ত পরিবার, সহকর্মী ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"

জামায়াত আমীর বলেন, "দেশের জন্য তার আত্মত্যাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আমি আমার দলীয় সহকর্মী, ছাত্র-জনতা এবং দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানাই যে, কোনো ধরনের উস্কানির মুখে সর্বোচ্চ ধৈর্য্য ধারণ করতে হবে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। মহান আল্লাহ আমাদের সহায় হোন।" তিনি নিহতের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Post a Comment

0 Comments