Advertisement

চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জামায়াত

 

চট্টগ্রাম জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘চট্টগ্রাম মহানগরীতে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ। একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষে দাঁড়িয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য অবিরামভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘তারা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করতে চায়। তবে দেশপ্রেমিক জনগণ তাদের ষড়যন্ত্র সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং ঐক্যবদ্ধ। অতীতে তাদের সকল অপচেষ্টা ব্যর্থ হয়েছে, এবং ভবিষ্যতেও তা ব্যর্থ হবে, ইনশাআল্লাহ।’

শফিকুর রহমান আরও বলেন, ‘চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত।’

মহান রবের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং শাহাদাতের সুউচ্চ মর্যাদা দান করুন। আমি তার শোকসন্তপ্ত পরিবার, আপনজন, প্রিয়জন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘দেশের জন্য তার আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে।

আমার দলীয় সহকর্মী, ছাত্র-জনতা এবং দেশপ্রেমিক জনগণের প্রতি যেকোনো উসকানিতে সর্বোচ্চ ধৈর্য ধরার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। মহান আল্লাহ আমাদের সহায় হোন।’

তিনি আরো বলেন, ‘এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

Post a Comment

0 Comments