ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। তিনি উল্লেখ করেন, ‘এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন করেছে। কমিশন ভোটার তালিকা হালনাগাদসহ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করে সরকারকে সবুজ সংকেত দিলে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এই নির্বাচনের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার স্বাধীনতা পাবেন।’
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে। সরকার ক্ষমতা ধরে রাখতে চায় না এবং এটি ক্ষমতা গ্রহণের দায়িত্বও নেয়নি। নির্বাচনের মাধ্যমে যারা জয়ী হবে, তারা সরকার গঠন করবে এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব তাদের কাছে হস্তান্তর করবে।’
শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাউফল ফাউন্ডেশন আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে একটি গোষ্ঠী রাষ্ট্রের শান্তি ও শৃঙ্খলা বিনষ্টের চক্রান্ত করছে, তবে তাদের কোনো চক্রান্ত সরকার সফল হতে দিবে না। যারা রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আইনের আওতায় আনা হবে। এই অন্তর্বর্তী সরকার জনগণের সরকার, এবং এটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে।’
হজের খরচ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকেই বলছেন যে, ভারত, পাকিস্তান বা নেপালে হজের খরচ কম। কারণ, সেখানে হাজীদেরকে মক্কা-মদিনা থেকে বেশ দূরত্বে রাখা হয়। তবে আমরা আমাদের হাজীদের দুই থেকে তিন কিলোমিটার দূরত্বে রাখি এবং রাখবো। এবছর হজযাত্রীদের বিমান ভাড়া এক লাখ ৯৪ হাজার টাকা থেকে কমিয়ে এক লাখ ৪৭ হাজার টাকা করা হয়েছে। আমরা আলোচনা চালাচ্ছি, যাতে ভাড়া আরো কমানো যায়।’
তিনি আরও জানান, ‘আগে রাষ্ট্রীয় খরচে দলীয় লোকজনকে হজে পাঠানো হতো, কিন্তু এবার সেই প্রথা বন্ধ করা হয়েছে। শুধু হজ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় খরচে হজে যেতে পারবেন।’
ড. আ.ফ.ম খালিদ হোসেন উপস্থিত কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বাউফল উপজেলার ১০০ জন হতদরিদ্র শিক্ষার্থীকে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এককালীন বৃত্তি প্রদান করা হবে। এর জন্য বাউফল ফাউন্ডেশনের দায়িত্বশীলদের তালিকা মন্ত্রণালয়ে জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘বাউফল থেকে বহু গুণীজন তৈরি হয়েছেন, যারা শুধু বাউফলবাসীর কল্যাণে নয়, দেশবাসীর কল্যাণেও অবদান রেখেছেন। জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণ করে তিনি বলেন, ‘এই শহীদ ও আহতরা আমাদের জাতীয় সম্পদ এবং জাতি তাদেরকে চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।’
বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘ইসলামই হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের মূল হাতিয়ার। ইসলামী সমাজ ব্যবস্থায় আগামীতে বাংলাদেশ হবে একটি ঐক্যবদ্ধ পরিবার, যেখানে ধর্মীয় বিভাজন থাকবে না।’
এসময় বাউফল ফাউন্ডেশনের পক্ষ থেকে দেড় শতাধিক কৃতী শিক্ষার্থী, ছয় শহীদ পরিবারের সদস্য ও বাউফল উপজেলার বিভিন্ন পর্যায়ের ২১ গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। ড. আ.ফ.ম খালিদ হোসেন সম্মাননা তুলে দেন।



0 Comments