Advertisement

অন্তর্বর্তীকালীন সরকারকে আরও দুই-এক বছর সময় দেওয়ার কথা

 

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি আরও দুই-এক বছর সময় দিতে চান। তবে সরকারের প্রতি তার বার্তা ছিল স্পষ্ট: “আপনারা যদি ভালো কাজ করেন, আমাদের সমর্থন পাবেন। কিন্তু যদি গণবিরোধী কাজ করেন, তাহলে এক মুহূর্তও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে।”

আজ শুক্রবার চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ‘তারুণ্যের গণসমাবেশ’ শিরোনামে আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন গণ অধিকার, যুব অধিকার, ছাত্র অধিকার ও শ্রমিক অধিকার পরিষদের নেতা-কর্মীরা।

নুরুল হক নুর বলেন, "সরকারকে ক্ষমতায় থাকার জন্য আমরা ব্ল্যাংক চেক দেব না। পরিষ্কারভাবে বলতে চাই, আমরা সরকারের পারফরম্যান্সের ভিত্তিতে সময় বাড়াবো। অর্থাৎ, আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। কিন্তু যদি জনবিরোধী কর্মকাণ্ড করেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নেন, তবে এক সেকেন্ডও সময় দেব না।"

তিনি আরও বলেন, "কিছু রাজনৈতিক দল চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, কিন্তু ছাত্র-জনতার রক্তের ওপর পাড়ি দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসবে, আমরা সে বিষয়েও চুপ থাকব না। আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি পাড়া-মহল্লায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাম যারা মুখে নেবে, তাদের প্রতিহত করতে হবে।"

এছাড়া, নুরুল হক নুর বলেন, "আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ করবো। আপনাদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।"

তিনি বলেন, "এমপি বা মন্ত্রী হতে পারব কিনা, সেটা তো আমরা জানি না। তবে আমরা এমপি-মন্ত্রী হওয়ার জন্য চাঁদাবাজি বা ধান্ধাবাজি করার জন্য রাজপথে নামি না, সংগ্রাম করি না। জনগণের প্রত্যাশা নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ গড়ে তুলতে গণঅধিকার পরিষদসহ ছাত্র-জনতা কাজ করবে।"

Post a Comment

0 Comments