Advertisement

শিক্ষার্থীদের আন্দোলন কঠোরভাবে দমন করতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা

 
কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কলেজের সমস্যাগুলো আলোচনা করে সমাধান করতে হবে। এ বিষয়ে শিক্ষকরা যথেষ্ট ভূমিকা রাখতে পারেন। তিনি আরও বলেন, "আমরা শিক্ষার্থীদের আন্দোলন কঠোরভাবে দমন করতে চাই না। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানের চেষ্টা করছি।"

আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “কেউ রাস্তায় নামার প্রয়োজন নেই। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসে দাবি জানাতে পারেন। আপনাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে বসে সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। পাশাপাশি বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধিরাও নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানের পথ খুঁজে নিতে পারেন।”  

হাওরের কৃষি প্রসঙ্গে তিনি বলেন, “কৃষকরা কৃষি পণ্যে প্রকৃত উপকৃত হচ্ছেন কি না, তা নিশ্চিত করা জরুরি। কোনো মধ্যস্বত্বভোগী যাতে সুবিধা নিতে না পারে, সেটিও আমাদের নজরে রাখতে হবে।”  

কৃষকদের উদ্দেশে উপদেষ্টা আরও বলেন, “চিন্তার কোনো কারণ নেই। পর্যাপ্ত পরিমাণ সার ও বীজ মজুত রয়েছে। আমরা সব সময় কৃষকদের পাশে আছি এবং এই বছর বোরো ধান সফলভাবে ঘরে তুলতে পারব।”  

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজ্জা, এবং কবি নজরুল সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর ইসলাম চৌধুরী।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের লাখো মানুষ বোরো ফসলের ওপর নির্ভরশীল। এ ফসলকে অকাল বন্যার হাত থেকে রক্ষা করতে বাঁধ নির্মাণের কাজে সকল অনিয়ম দূর করতে হবে এবং কাজ যথাসময়ে শুরু ও শেষ করতে হবে। পাশাপাশি হাওরে নিয়ন্ত্রিত পর্যটন ব্যবসা গড়ে তোলার মাধ্যমে সবার মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি। 

Post a Comment

0 Comments