Advertisement

"জীবন দেব, কিন্তু দেশের এক ইঞ্চি মাটিও কাউকে দেব না": ডা. শফিকুর রহমান

 

জাতীয় স্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান দেশবাসীর কাছে ইস্পাত কঠিন ঐক্য কামনা করেছেন। তিনি বলেছেন, "দেশের আকাশে কালো মেঘ জমেছে, কালো শকুন উড়ছে, তাদের কোনো সুযোগ দেওয়া হবে না।" তিনি আরো বলেন, "সারাদেশে আওয়াজ উঠেছে, জীবন দেব, তবে দেশের এক ইঞ্চি মাটিও কাউকে দেব না।" তিনি জনতার উদ্দেশ্যে প্রশ্ন করেন, "আপনারা কী প্রস্তুত?" এবং একসঙ্গে উত্তর আসে, "জি, আমরা প্রস্তুত।"

ডা. শফিকুর রহমান গতকাল শনিবার সাতক্ষীরা জেলার ঐতিহাসিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, "আমরা চাই, জাতীয় স্বার্থে সবকিছুর ঊর্ধ্বে উঠে ইস্পাত কঠিন ঐক্য প্রতিষ্ঠা হোক।" জেলা সদরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

তিনি আরও বলেন, "সাতক্ষীরা জেলা বাংলাদেশের এমন একটি অঞ্চল, যেখানে কোরআনের কথা বলতে গিয়ে, আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়ে, অনেক ত্যাগ-তিতিক্ষা সহ্য করা হয়েছে। সাতক্ষীরা জামায়াতের কাছে এক অনন্য মর্যাদার স্থান।"

দেশের সম্পদ নিয়ে অভিযোগ করে ডা. শফিকুর রহমান বলেন, "আমাদের দেশ অফুরন্ত সম্পদে ভরপুর, কিন্তু জনগণের উপকারে আসে না। যারা দেশ শাসন করেছে, তারা জনগণের সম্পদ চুরি করে পকেটে পুরেছে।"

এছাড়া, তিনি সাতক্ষীরা জেলার অভিজ্ঞতা তুলে ধরে জানান, ২০১৫ সালে তিনি শহীদ পরিবারের সাথে দেখা করতে এসে দেখতে পান, "সাতক্ষীরার রাস্তাঘাট একদমই ভাঙাচুরা, অথচ শাসক দলের দাবি ছিল উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে।"

ডা. শফিকুর রহমান ওয়াদা করেন যে, "বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়।" তিনি বলেন, "আমরা এমন একটি দেশ চাই যেখানে মা-বোনেরা নিরাপদে থাকবে, এবং তারা দেশের উন্নয়নে দক্ষতা দিয়ে ভূমিকা রাখবে।"

ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, "যুদ্ধক্ষেত্রে নবী (সা.) নারীদের যুক্ত করেছিলেন। নারীরা আমাদের সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, আমরা তাদের সুযোগ দিতে চাই।"

তিনি আরো বলেন, "যদি আমরা ক্ষমতায় আসি, আমরা কারো ওপর জোর খাটাবো না। ইসলাম কায়েম হলে, মা-বোনেরা আনন্দের সাথে পর্দা পালন করবেন, এবং কোনো নারীকে বাধ্য করা হবে না।"

তিনি দেশের জনগণের উদ্দেশ্যে বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই কাজের মর্যাদা পাবে, এবং যুব সমাজের হাতে কাজ তুলে দেওয়া হবে।" তিনি আন্দোলনের ইতিহাস তুলে ধরে বলেন, "এমন আন্দোলনই স্বাধীনতার পথে আমাদের ফিরিয়ে নিয়ে এসেছে।"

ডা. শফিকুর রহমান বলেন, "দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করতে আমরা প্রস্তুত। আমাদের দেশের নিরাপত্তা, স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতেই হবে।"

এছাড়া, সম্মেলনে অন্যান্য নেতারা বক্তব্য দেন, এবং অনুষ্ঠানে উপস্থিত জনতার মধ্যে উৎসাহের কোনো অভাব ছিল না।

Post a Comment

0 Comments