ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতিতে কিছু ব্যাংক উন্নতির দিকে গেলেও, দুর্বল ব্যাংকগুলো এখনো খুঁড়িয়ে চলছে। তবে কোনো ব্যাংক বন্ধ করা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমসাময়িক বিভিন্ন বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের আর্থিক খাতের আইন-কানুন দুর্বল নয়। তবে ব্যাংকগুলোর সেগুলো যথাযথভাবে অনুসরণ না করা এবং কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পালনে ঘাটতির কারণেই বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, কিছু ব্যাংক সীমিত কার্যক্রম নিয়ে টিকে থাকবে, তবে কোনো ব্যাংক বন্ধ করা হবে না।
অর্থ উপদেষ্টা জানান, ব্যাংকিং খাতের সংস্কারে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, "কিছু ব্যাংক ইতিবাচক দিকে ফিরছে। ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বড় ব্যাংক, যা এখন উন্নতির পথে রয়েছে।" এছাড়া সুশাসনের ওপর গুরুত্ব দিয়ে নীতি প্রণয়ন ও পুঁজিবাজার সংস্কারের জন্য নতুন নিয়োগ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট প্রসঙ্গে বলেন, বাজেট ব্যয় কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ বন্ধ করা হবে এবং রাজস্ব আদায় নিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যয় সীমিত রাখা হবে। তিনি আরও জানান, সরকারের ওপর চাপ রয়েছে। দীর্ঘদিন ধরে চলমান বা অপ্রয়োজনীয় প্রকল্প, যেগুলো নতুন শুরু হয়েছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়, সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি জানান, সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যক্রমের আধুনিকায়নের বিষয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, "এনবিআরের পুরো সিস্টেম অটোমেশন করা সম্ভব হলে রাজস্ব সমস্যার সমাধান হবে। এনবিআর ইতোমধ্যে এ নিয়ে কাজ করছে।"
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।



0 Comments