বিকেল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে রয়েছে ঠাণ্ডা বাতাসও। এতে রাজধানী বাসীর কাছে শীত অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) দুপুর থেকে আকাশ মেঘলা হয়ে ওঠে। মাঝে মাঝে সূর্য উঁকি দিলেও তেমন শক্তি ছিল না। বিকেল ৪টার পর থেকে মগবাজার, কারওয়ানবাজার, মালিবাগ, শাহবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় শীতল বাতাস বইতে শুরু করে। বিকেল ৫টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়, যা পথচারী এবং যানবাহনের যাত্রীদের জন্য কিছুটা অসুবিধা সৃষ্টি করে। প্রস্তুতি না থাকায় অনেককে বৃষ্টিতে ভিজতে দেখা যায়। ফুটপাতের দোকানিরা দোকান গুটিয়ে নিচ্ছেন, আর অনেক রিকশাচালক যাত্রী না নিয়ে রিকশার মধ্যে বসে থাকছেন।
এদিকে, ঘূর্ণিঝড় ফিনজাল নিয়ে আবহাওয়া অধিদফতরের ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি ভারতের উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র থেকে ৫৪ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। ঘূর্ণিঝড়ের আশপাশে সাগর খুবই উত্তাল রয়েছে।
বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যতক্ষণ না পরবর্তী নির্দেশনা দেওয়া হয়।



0 Comments