Advertisement

বিশ্বে এই প্রথম, প্রধানমন্ত্রী এবং মসজিদের ইমাম একসঙ্গে পালিয়েছেন।


 দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, "পৃথিবীর ইতিহাসে এটি প্রথমবারের মতো ঘটল, যেখানে একটি গণঅভ্যুত্থানের পর গণরোষের কারণে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছেন। ছাত্র-জনতার আন্দোলনই এটি সম্ভব করেছে। ৫ আগস্টের বিপ্লব না হলে নতুন কমিশন গঠন হত না। সুতরাং, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে দুর্নীতি দমন কমিশন কাজ করে যাবে।" গতকাল রোববার দুদকের চেয়ারম্যান ও কমিশনাররা গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন।

দুদক চেয়ারম্যান বলেন, "দুদকের গতি বেড়েছে, এবং এটি আপনারাই লিখেছেন। রাষ্ট্রের প্রতিটি স্তরে দুর্নীতি প্রবৃদ্ধি পেয়েছে, এবং এই দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।" তিনি আরও বলেন, "আমরা কোনো কিছুই লুকিয়ে রাখব না। সময়মতো সবকিছুই সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে।"

তিনি বলেন, "পুলিশ মামলা করার পর সত্য উদঘাটন করে, আর দুদক সত্য উদঘাটনের পর মামলা করে। সেজন্য আমরা আশা করি, দুদকের মামলাগুলো জনগণের প্রত্যাশা অনুযায়ী ফলপ্রসূ হবে।"

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "দুদক কীভাবে কাজ করবে, সে বিষয়ে একটি আইনগত কাঠামো রয়েছে। সেই আইনের যেটুকু পরিসীমা আছে, আমরা সেটি পূর্ণাঙ্গভাবে অনুসরণ করে কাজ করব।"

রাষ্ট্রক্ষমতায় থাকা ব্যক্তিদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, "এই মন্তব্যটি অসমীচীন নয়। বাংলাদেশ অতীতে এটি দেখেছে। আপনারাই (সাংবাদিক) বলেছেন, বর্তমানে রাজনৈতিক সরকার নেই, এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার জনগণের প্রত্যাশা পূরণ ও বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠিত হয়েছে, এবং জনগণই তাদের প্রতিষ্ঠা করেছে।"

অপর এক প্রশ্নের জবাবে দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, "আমরা নির্মোহভাবে এবং নির্ভুলভাবে অনুসন্ধান ও তদন্ত কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। জাতির কাছে আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আমাদের কাজ কোনো ভয়ভীতি বা পক্ষপাতের প্রভাবে নয়, বরং দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন হবে। আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করব।"

দুদক কমিশনার (অনুসন্ধান) হাফিজ আহসান ফরিদ বলেন, "দেশের প্রতিটি কোণায় দুর্নীতি রয়েছে, এবং এর পরিসীমা ও গভীরতা আমরা পুরোপুরি জানি না। তবে ইনশাল্লাহ আমরা জানব এবং দুর্নীতির বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নেব। আমরা দেখেছি, জুলাই-আগস্টের বিপ্লবের মাধ্যমে দেশের মেরুদণ্ড কিভাবে পুনঃস্থাপন হলো। দুর্নীতির বিরুদ্ধে এই যুদ্ধ আমাদের কাছে একটি মহাবিপ্লব, এবং আমরা বিশ্বাস করি, বিজয় আমাদের আসবে।"

তিনি আরও বলেন, "যদি আমাদের লক্ষ্য থাকে দুর্নীতি, তাহলে দুর্নীতি সংশ্লিষ্ট যে কেউই হোক না কেন, আমরা তাদের বিরুদ্ধে কাজ করব। আমাদের মধ্যে এই সাহস আছে। আমাদের একমাত্র ভয় হলো মহান সৃষ্টিকর্তা, পৃথিবীর কোনো মানুষের দাসত্ব এই কমিশন করবে না।"

মতবিনিময় সভায় সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‍্যাক) এর কয়েকজন সদস্য বক্তব্য রাখেন। র‍্যাকের সভাপতি ও একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব এবং সাধারণ সম্পাদক শাফি উদ্দিন সভার সঞ্চালনা করেন।

Post a Comment

0 Comments