Advertisement

গণহত্যার শীর্ষ কমান্ডারদের বিচার এক বছরের মধ্যে সম্পন্ন হবে: প্রধান প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান অভিযুক্তদের মামলা আগামী এক বছরের মধ্যে শেষ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন, "আমরা ইনশা আল্লাহ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের মামলা আগামী এক বছরের মধ্যে শেষ করতে পারব বলে আশা করছি।"

আজ শনিবার খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে 'ঐক্য, সংস্কার ও নির্বাচন' শীর্ষক জাতীয় সংলাপে এসব কথা বলেন তাজুল ইসলাম।

তিনি বলেন, “আমাদের একটি ট্রাইব্যুনাল এবং একটি তদন্ত সংস্থা আছে, যেখানে বর্তমানে মাত্র ১৭ জন তদন্তকারী কর্মকর্তা রয়েছেন। আমাদের প্রসিকিউটর এজেন্সিতে ১০ জন প্রসিকিউটর রয়েছেন, এবং আরও ২ থেকে ৪ জন যুক্ত হতে পারেন।”

তাজুল ইসলাম আরও বলেন, “আমাদের মূল ফোকাস হচ্ছে গুম এবং মানবতাবিরোধী অপরাধ, বিশেষ করে বাংলাদেশের মাটিতে সংঘটিত গণহত্যার মাস্টারমাইন্ড এবং যারা এই অপরাধগুলোর পেছনে ছিলেন, তাঁদের বিচার করা। আমাদের লক্ষ্য হাজার হাজার মানুষের বিচার করা নয়।”

তিনি উল্লেখ করেন, “৫৬ হাজার বর্গমাইল জুড়ে এই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। আওয়ামী লীগ ও যুবলীগ রাজনৈতিকভাবে এর সঙ্গে সম্পৃক্ত ছিল এবং গোটা বাহিনীর বেশিরভাগ অফিসার এতে যুক্ত ছিলেন। আমরা দেশব্যাপী সবকিছুর বিচার করতে চাই, তবে এই ট্রাইব্যুনালের পক্ষে তা সম্ভব নয়। সাধারণত মানবতাবিরোধী অপরাধে টপ কমান্ডারদের বিচার করা হয়। এজন্যই আমরা গণহত্যার মূল নিউক্লিয়াস, যেমন শেখ হাসিনা ও তাঁর নিচের কয়েকজনকে বিচারকে অগ্রাধিকার দিচ্ছি। দ্রুততম সময়ের মধ্যে তাঁদের বিচার করতে চাই এবং আমরা সক্ষম বলে মনে করি।”

তিনি দুই দিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হওয়ার কথা উল্লেখ করে বলেন, “তিনি আমাকে যা বলেছেন, তা আমার সাহস বাড়িয়েছে। তিনি বলেছেন, সরকারের অনেক অগ্রাধিকারের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে, যারা দেশটাকে গুম এবং খুনের স্বর্গরাজ্য বানিয়েছে, তাঁদের বিচার করা। তাই এ বিষয়ে ব্যর্থ হওয়ার সুযোগ নেই।”

তাজুল ইসলাম বলেন, “আমরা সবার বিচার করতে পারব না, তবে টপ স্কোরারদের বিচার ইনশা আল্লাহ বাংলাদেশে আন্তর্জাতিক মান বজায় রেখে নিখুঁত, নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে করা হবে, যাতে আপনাদের বোঝাতে পারি, এই বিচার প্রক্রিয়ায় কতটা স্বচ্ছতা রয়েছে এবং যারা এর সঙ্গে জড়িত, তাঁদের অপরাধ কী।”

তিনি বলেন, “দেশব্যাপী বিভিন্ন স্থানে যত অপরাধ হয়েছে, গ্রাউন্ড লেভেলে যারা যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয়েছে এবং আদালতে বিচার চলছে। এসব বিচার চলমান থাকবে এবং এর জন্য কত সময় লাগবে, তা সংশ্লিষ্ট আদালত বলতে পারবে।”

 

Post a Comment

0 Comments