রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগুন লাগে ষষ্ঠতলায়। আমাদের ফায়ার সার্ভিসে রাত ১টা ৫২ মিনিটে খবর দেওয়া হয়, তারা ১টা ৫৪ মিনিটে কাজ শুরু করে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় আমাদের একজন ফায়ার ফাইটার শাহাদাত বরণ করেছেন। তিনি দুর্ঘটনায় মারা গেছেন। একটি পাইপ নিয়ে সচিবালয় থেকে বের হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়, এতে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান। তার সঙ্গে আরও দুই থেকে তিনজন আহত হয়েছেন, তবে তারা সবাই সুস্থ আছেন।”
তিনি আরও বলেন, “এ ব্যাপারে আমরা একটি তদন্ত কমিটি গঠন করছি। মন্ত্রিপরিষদ সচিবকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের জন্য।”
আগুনের উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এটি তদন্তের পরে বলা সম্ভব হবে।”
এর আগে সকাল পৌনে ৯টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানও একই সময়ে সচিবালয়ে প্রবেশ করেন।



0 Comments