Advertisement

আবু সাঈদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গ্রেপ্তার

 
 রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টায় রংপুর মহানগরের আলমনগর এলাকা থেকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।  


পিবিআই রংপুরের পুলিশ সুপার জাকির হোসেন জানান, “অনুসন্ধানের মাধ্যমে আলমনগর এলাকার একটি বাড়ি থেকে সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পিবিআই-এর চৌকস টিম দীর্ঘদিন ধরে তাকে নজরে রেখেছিল।”  


তিনি আরও বলেন, “গত ১৬ জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। তার বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করার নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে। এ মামলার বাদী আবু সাঈদের বড় ভাই রমজান আলী। গত ১৮ আগস্ট তিনি পুলিশের সাবেক আইজিপিসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং ৩০-৩৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অভিযুক্ত করে মামলা করেন। পরে, আদালতের নির্দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এবং শরিফুল ইসলামসহ সাতজনের নাম সম্পূরক এজাহারে অন্তর্ভুক্ত করা হয়।”  


পিবিআই এসপি জাকির আরও জানান, “এই মামলায় এর আগে তাজহাট থানার বরখাস্ত হওয়া এএসআই সৈয়দ আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া ঢাকায় সাবেক আইজিপিকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়তা করছে।”  


রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামানিক জানান, “শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চারজন শিক্ষক এবং সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।”

Post a Comment

0 Comments