Advertisement

শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা দায়ের

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় এক যুবককে গুলি এবং ককটেল বিস্ফোরণে আহত করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনায় আহত নন্দনকাননের বাসিন্দা কফিল উদ্দিন সোমবার বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ জুয়েল দেব-এর আদালতে মামলাটি দায়ের করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন।  


মামলায় শেখ হাসিনাসহ উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আছেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য এমএ মোতালেব, মজিবুর রহমান, সাবেক মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন, পিবিআইয়ের সাবেক প্রধান বনজ কুমার মজুমদার, ডিবির প্রধান হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকার, সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলাম, কোতোয়ালী থানার সাবেক ওসি ওবায়দুল হক, নেজাম উদ্দিন, মোহাম্মদ মহসীন, জাহিদুল কবির, এসআই বোরহান উদ্দিন, খাজা এনাম এলাহীসহ ২৬ পুলিশ কর্মকর্তা, জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠ, সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ওয়াসিম উদ্দিন, মোবারক আলী ও নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।  


আদালতের বেঞ্চ সহকারী নূরে খোদা জানিয়েছেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিটকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।  


মামলায় বাদী অভিযোগ করেছেন, ৪ আগস্ট নগরীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে তিনি আহত হন। ওই দিন, আসামিদের কয়েকজনের নির্দেশে ও পরিকল্পনায় বাকি আসামিরা গুলি চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়, যার ফলে বাদী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ঘটনার পর আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ এবং সুস্থ হতে কিছু সময় লাগায়, তাই মামলা করতে দেরি হয়েছে।

সূত্র: বাসস

Post a Comment

0 Comments