৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যেসব পরীক্ষার্থী ইতোমধ্যে মৌখিক পরীক্ষা দিয়েছেন, তাদের পরীক্ষা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তাদের নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
আজ সোমবার (১৮ নভেম্বর) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি চলমান ক্যাডার ও নন-ক্যাডার পরীক্ষা নিয়ে পিএসসির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মধ্যে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গত ১৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। পরে, ২৫ আগস্ট মৌখিক পরীক্ষা স্থগিত করা হয় এবং ৮ অক্টোবর তৎকালীন কমিশন পদত্যাগ করে।
মৌখিক পরীক্ষার সমতা বজায় রাখার জন্য পূর্ববর্তী কমিশন কর্তৃক নেওয়া ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল করে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে।



0 Comments