Advertisement

৪৬তম বিসিএসের ফল পুনরায় প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 


৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সোমবার (১৮ নভেম্বর) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি ক্যাডার ও নন-ক্যাডার পরীক্ষা নিয়ে অনুষ্ঠিত পিএসসির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত ৯ মে ২০২৪ তারিখে প্রকাশিত হয়েছিল। এতে ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। তবে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের পাশাপাশি সমসংখ্যক অতিরিক্ত প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


৪৬তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সন্দেহ নিয়ে আজকের সভায় বিস্তারিত আলোচনা হয়। নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা, ন্যায্যতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার উদ্দেশ্যে এই পুনঃমূল্যায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Post a Comment

0 Comments