নিউমার্কেট থানার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।
এর আগে, সকালে কামরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। শুনানির সময় পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়। কামরুল ইসলামের বিরুদ্ধে হত্যা-সহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন কামরুল ইসলাম। তিনি ২০১৪ সালের ১৩ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে, ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। কামরুল ইসলাম ঢাকা-২ আসনের সংসদ সদস্য ছিলেন।



0 Comments