সিলেটে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে মিয়া গোলাম পরওয়ার
দেশ গঠনে জামায়াতের নেতাদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের সেক্রেটারি বলেন, “জামায়াত আল্লাহর জমিনে তাঁর দ্বীন প্রতিষ্ঠার জন্য এক প্রতিজ্ঞাবদ্ধ কাফেলা। আমরা মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। আমাদের লক্ষ্য সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা এবং বাংলাদেশকে ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকার আদর্শিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে জামায়াতের বিরুদ্ধে নিপীড়নের স্টিমরোলার চালিয়েছে। আমাদের শীর্ষ নেতাদের সম্পূর্ণ অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, তবুও তারা দুনিয়ার কোনো শক্তির কাছে মাথা নত করেননি এবং হাসিমুখে শাহাদাতকে মেনে নিয়েছেন। আমাদের নেতাদের রক্তে এই জমিন লাল হয়েছে, আর ইসলামের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। তাই দেশ ও জাতি গঠনে জামায়াতের দায়িত্বশীলদের নিরলসভাবে কাজ করতে হবে।”
তিনি উল্লেখ করেন, “৫ আগস্ট দেশের ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলেও তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এদের বিষয়ে জাতিকে সতর্ক ও ঐক্যবদ্ধ রাখতে জামায়াতের দায়িত্বশীলদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।”
মিয়া গোলাম পারওয়ার বলেন, “আমরা সংস্কার চাই, তবে সংস্কারের নামে সময়ক্ষেপণ চাই না। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচনের দিকে এগুতে হবে, নতুবা ফ্যাসিস্ট শক্তি ফের মাথাচাড়া দিতে পারে।”
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম সমাবেশটি পরিচালনা করেন।
এছাড়াও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, হাফিজ আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী এবং জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন।
সমাবেশে জেলা ও মহানগর জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্যদের পাশাপাশি বিভিন্ন থানা, উপজেলা ও পৌর দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।



0 Comments