Advertisement

‘জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে টার্গেট কিলিং চালাচ্ছে আওয়ামী লীগ’

আওয়ামী লীগ জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে টার্গেট কিলিং চালাচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, কিছু নেতা অর্থের বিনিময়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করছেন এবং জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগের সাথে আপস করছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে ভৈরব প্যালেস পার্টি সেন্টারে জুলাই বিপ্লব ও ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আবু হানিফ বলেন, "বিভিন্ন স্থানে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হচ্ছে এবং তারা সেই সুযোগ গ্রহণ করছে। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর সেনাপ্রধান তার বক্তব্যে ৬২৬ জনকে আশ্রয় দেওয়ার কথা বলেছেন, কিন্তু তাদের পরবর্তী অবস্থান সম্পর্কে কোন বক্তব্য দেননি। আমরা ৬২৬ জনের তালিকা জানতে চাই এবং তাদের বর্তমান অবস্থান জানতে চাই।"

তিনি বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব নিয়েছে, তাই সরকারকে জনগণের পার্লস বুঝতে হবে। সরকারের পক্ষ থেকে আসন্ন নির্বাচন নিয়ে বিভিন্ন বক্তব্য আসছে, তবে প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনের রোডম্যাপ স্পষ্ট নয়। তাই সরকারকে নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে পরিষ্কার বার্তা দিতে হবে।"

তিনি আরো বলেন, "২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আজকের ছাত্র অধিকার পরিষদ, যারা বিরোধী মতের ওপর দমনপীড়নের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিল। তারা জুলাই গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছে। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করব।"

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য বলেন, "জুলাই বিপ্লবে আমাদের ১২ জন শহীদ হয়েছেন এবং এক হাজারের বেশি আহত হয়েছেন। আমাদের নেতা নুরুল হক নুর জেল খেটেছেন এবং আমি দু'দিন গুম ছিলাম। জুলাই বিপ্লবে যারা একসাথে লড়াই করেছেন, তাদের মধ্যে বিভক্তি দেখা যাচ্ছে। এ দেশে গণহত্যাকারীদের স্থান হবে না। সরকারকে দ্রুত আওয়ামী লীগের সন্ত্রাসীদের আটক করতে হবে।"

স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে তিনি বলেন, "যদি তিনি দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, তবে তার উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া। আওয়ামী লীগ জুলাই গণহত্যায় নেতৃত্ব দিয়েছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত জনগণ তাদের রাজনীতি করতে দিবেন না।"

কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, "ছাত্র জনতার নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এ বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।"

আলোচনা সভায় অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুশফিকুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ কাজল, মোমেন উদ্দিন জনি, সৈয়দ আলীউজ্জাম মহসিন, শামসুল হক মামুন, আবির, আমজাদ, ইমরান প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি

 

Post a Comment

0 Comments